ওয়েলস ফার্গো ব্যালান্সশিট সহায়তা হিসেবে ইস্টার্ন ব্যাংক (ইবি) পিএলসিকে ২০ কোটি মার্কিন ডলার বাণিজ্য ঋণ দিয়েছে। এটি বাংলাদেশের কোনো ব্যাংককে যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণদাতার দেয়া সর্ব বৃহৎ ঋণ। বাণিজ্যিক লেনদেন ও অর্থায়নে দায়িত্বশীল ও টেকসই উদ্যোগ চর্চাকে উৎসাহিত করতে ওয়েলস ফার্গো ইবিএলকে এ ঋণ প্রদান করেছে এবং এক্ষেত্রে মূলত সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে। 

ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ট্রেজারি, এফআইএস ও অফসোর ব্যাংকিং মেহ্দী জামান ওয়েলস ফার্গোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ওয়েলস ফার্গোর মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বাণিজ্য ঋণ লাভ করে আমরা সম্মানিত। এর মাধ্যমে সংস্থাটির সঙ্গে আমাদের দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক এবং একই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সাধনে আমাদের সক্ষমতার প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’

আদী কৌশিক, ব্যবস্থাপনা পরিচালক ও এফআইজি ব্যাংকস (এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রধান, ওয়েলস ফার্গো তার বক্তব্যে বলেন, ‘এ তহবিল প্রদান বাংলাদেশ এবং ইস্টার্ন ব্যাংকের প্রতি আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। শিল্পসংশ্লিষ্ট বেশকিছু উদ্যোগ বাস্তবায়নে ওয়েলস ফার্গো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানের এ মাইলফলকটি উভয় প্রতিষ্ঠানের জন্য একটি সফল কাহিনী হিসেবে বিবেচিত হবে। —বিজ্ঞপ্তি