প্র্যাকটিস নোট সেভেনটিন (পিএন১৭) ক্যাটাগরি থেকে বের হয়ে যেতে চায় এয়ারএশিয়া এক্স বিএইচডি। এ লক্ষ্যে বৃহস্পতিবার বুরসা মালয়েশিয়াকে স্ট্যাটাস উন্নীত করার আবেদন জানিয়েছে উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
পিএন১৭ হলো এমন ক্যাটাগরি, যার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যূনতম পুঁজি, ইকুইটি কিংবা শেয়ারহোল্ডার তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়। পিএন১৭ থেকে বের হওয়ার পাশাপাশি নিয়মিত পরিকল্পনা জমা দেয়ার প্রয়োজনীয়তা থেকেও অব্যাহতি চেয়েছে এয়ারএশিয়া এক্স (এএএক্স)। মেইন মার্কেটের তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত হিসেবে প্রস্তাবিত নিয়মিতকরণ পরিকল্পনা জমা দিতে হয়।
২০২০ সালের ৩০ জুলাই পিএন১৭ ক্যাটাগরিতে প্রবেশ করার প্রায় দুই বছর পর এএএক্স শুক্রবার এক পৃথক বিবৃতিতে বলেছে, তারা আর্থিক অবস্থার উন্নতির জন্য বিস্তৃত পরিসরের পদক্ষেপ নিয়েছে এবং করপোরেট অনুশীলন করেছে। এর মধ্যে প্রথমটি হলো ‘পুনর্গঠন অনুশীলনের একটি সেট’। যার মধ্যে ঋণ পুনর্গঠন স্কিম, এএএক্সের শেয়ার মূলধনের ৯৯ দশমিক ৯ শতাংশ শেয়ার মূলধন হ্রাস, শেয়ার একত্রীকরণ ও ব্যবসায়িক পরিকল্পনার সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে।’










