বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানিটির অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ১ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭০৯ কোটি টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৫৪ কোটি টাকা। মন্থর বৈশ্বিক অর্থনীতি, ডলার সংকট, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে আয় কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। এছাড়া গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেও দায়ী করা হয়েছে। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৯১ টাকা ১৯ পয়সায়।










