বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইওএসকো এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মূলত আইওএসকোর উদ্যোগে এবং থাইল্যান্ডের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (সেক) আয়োজনে ব্যাংককে ১৩-১৫ জুন পর্যন্ত আইওএসকোর বার্ষিক সভা হবে। সভার অংশ হিসেবে গতকাল সকালে এপিআরসির সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে আইওএসকোর ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনদার সিং বোর্ড সভার আলোচনার ওপর আলোকপাত করেন। এরপর আইওএসকোর বোর্ডের চেয়ারম্যান ও বেলজিয়ামের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড মার্কেটস অথরিটির চেয়ারম্যান জিয়ান পল সার্ভাইস সভায় উপস্থিত এপিআরসির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার মতামত তুলে ধরেন। এবারের এপিআরসি সভায় সিঙ্গাপুর, চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলংকা, নেপালসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি