চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে বার্কশায়ার হ্যাথাওয়ে। এতে দেখা গেছে, ওয়ারেন বাফেট নিয়ন্ত্রণাধীন কোম্পানিটির মুনাফা হয়েছে ৩ হাজার ৫৫০ কোটি ডলার।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিজস্ব শেয়ার ক্রয় বাড়িয়েছে দিয়েছে বার্কশায়ার। শেয়ার পুনঃক্রয়ে তাদের ব্যয় হয়েছে ৪৪০ কোটি ডলার।
গতকাল যুক্তরাষ্ট্রে ওমাহায় আয়োজিত বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে বার্কশায়ার।
৯২ বছর বয়সী ওয়ারেন বাফেটের বার্কশায়ার সাম্রাজ্যের সূচনা ১৯৬৫ সালে। টেক্সটাইল কোম্পানি থেকে শুরু করা এই গ্রুপের বিনিয়োগে রয়েছে বিভিন্ন ধরনের খাত। গেইকো, বিএনএসএফ রেলরোড, বার্কশায়ার হ্যাথওয়ে এনার্জি, সি’জ ক্যান্ডিস ও ডেইরি কুইন আইসক্রিমসহ উৎপাদন ও খুচরা ইউনিটকেন্দ্রিক নানা ব্যবসায় জড়িত বার্কশায়ার। এছাড়া পাইলট ফ্লাইং, ক্রাফট হেইঞ্জ কোম্পানি, আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অব আমেরিকা, কোকা-কোলা ও অ্যাপলের মতো সংস্থার শেয়ার রয়েছে।
অর্থনৈতিক ও ব্যাংক খাতে মন্দার আশঙ্কা এবং উদ্বেগের মধ্যেও বৈচিত্র্যপূর্ণ বার্কশায়ার হ্যাথাওয়েকে স্থিতিশীল দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখেন বিনিয়োগকারীরা।










