খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের আয় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। আয় কমলেও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের আয় হয়েছে ৩০০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ৮২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪ কোটি টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৮ টাকা ৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৪ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের আয় হয়েছে ১০৮ কোটি ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৭ কোটি ৭৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩১ কোটি ১৭ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৮ কোটি ৭২ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ১৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৭১ পয়সা।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, কাঁচামাল ও প্যাকিং পণ্যের দাম উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার পাশাপাশি আয় কিছুটা কমলেও কোম্পানির মুনাফা বেড়েছে। মূলত পরিচালন ব্যয়ে দক্ষতার পাশাপাশি আগের দায় ও বাধ্যবাধকতা পুনর্মূল্যায়ন ও মূল কোম্পানি কর্তৃক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং রয়্যালটির ক্ষেত্রে ছাড়া দেয়ার কারণে মুনাফা বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩৯ টাকা ৬০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৮৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার সর্বশেষ ২ হাজার ৩৩ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২ হাজার টাকা ১০ পয়সা থেকে ৩ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।