বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত। সম্প্রতি বিদেশে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এ কারণে আমদানিকারক দেশগুলো নতুন আমদানির উৎস খুঁজতে শুরু করেছে। এ সুযোগে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে চাল রফতানি বেড়েছে। খবর নিক্কেই এশিয়া।
২০২৩ সালে ভিয়েতনাম ৪৬০ কোটি ডলারের চাল বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। দেশটি থেকে ইন্দোনেশিয়ায় চাল রফতানি বেড়েছে ১০ গুণ, সিঙ্গাপুরে ৪০ শতাংশ ও ঘানায় ৬০ শতাংশের কাছাকাছি।
ভিয়েতনাম বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ ও তৃতীয় বৃহত্তম রফতানিকারক। এল নিনোর প্রভাবে এশিয়ার বিভিন্ন জায়গায় উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাতের দরুন উৎপাদন কমলেও দেশটিতে ২০২২ সালের তুলনায় উৎপাদন বেড়েছে ১-২ শতাংশ, যা ৪ কোটি ৩০ লাখ টনের মতো। রফতানির পরিমাণ অন্যান্য বছরে ৬০-৭০ লাখ টনের ঘরে থাকলেও ২০২৩ সালে তা ৮০ লাখ টন ছাড়িয়ে গেছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশ থাইল্যান্ড। দেশটি গত বছর ৮০ লাখ টনেরও বেশি চাল রফতানি করেছে, যা ২০২২ সালের তুলনায় ১০ শতাংশের মতো বেড়েছে, এটা ২০১৮ সালের পর সর্বোচ্চ। খরা ও বর্ধিষ্ণু দামের কারণে সাম্প্রতিক বছরগুলোয় রফতানি কমলেও এবার তা বাড়তে শুরু করেছে।
এদিকে আমদানিকারক দেশগুলো স্থিতিশীল উৎস খুঁজতে শুরু করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো গত ডিসেম্বরে থাই প্রেসিডেন্ট স্রেথা থাভিসিনের সঙ্গে দেখা করেন। ইন্দোনেশিয়া ২০২৪ সালে ২০ লাখ টন চাল আমদানির প্রতিশ্রুতি পেয়েছে। পাশাপাশি ভারতের কাছ থেকে ১০ লাখ টন চাল আমদানির প্রতিশ্রুতি ও কম্বোডিয়ার সঙ্গে আমদানি চুক্তি করেছে দেশটি।
গত বছরের জুলাই থেকে বাসমতি ছাড়া অন্যান্য চাল রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এ দুই দেশের চাল রফতানি গতি পেয়েছে। নিষেধাজ্ঞার পেছনে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের কথা বলা হলেও এটাকে আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে জনসমর্থন ধরে রাখার উদ্যোগ হিসেবে দেখছেন কেউ কেউ।
বিশ্বের মোট চাল রফতানির প্রায় ৪০ শতাংশ করে ভারত। ইরান, সৌদি আরব ও চীনের পাশাপাশি অনেক আফ্রিকার দেশও ভারতের ওপর নির্ভরশীল।
এদিকে এ নিষেধাজ্ঞার ফলে চালের বাজার উত্তপ্ত হতে শুরু করেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযায়ী, গত আগস্টে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে আগের মাসের তুলনায় ১৫ শতাংশ দাম বেড়ে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৬৪৫ ডলার। আর ভিয়েতনাম খাদ্য সংস্থা জানিয়েছে, এ হার ১৫-২০ শতাংশ বেশি। হ্যানয়ে থাকা এক নারী বলেছেন, ‘দাম বাড়লেও চাল কম কেনার সুযোগ নেই। বরং আমাকে পোশাক কেনা ও বাইরে খাওয়া কমাতে হবে।’
ভিয়েতনামের সুপারমার্কেটগুলোয় প্রতি তিন কেজি চাল ১ লাখ ডংয়ে (৪ ডলার) বিক্রি হচ্ছে। দেশটির খাদ্য সংস্থার হিসাবে, বাজারে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে।










