চলতি ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই প্রান্তিকের তুলনায় দ্য সিটি ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ২৪ দশমিক ৭৩ শতাংশ। আর চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৪ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৯৩ পয়সা। আর চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৬ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে দ্য সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ২১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ২৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে দ্য সিটি ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ স্টক ও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৬৫ পয়সায়।










