নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাস ও বোয়িংয়ের সঙ্গে আলোচনা করছে টাটা গ্রুপের মালিকানা প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া। ভাড়া নিয়ে এবং গ্রাউন্ডেড উড়োজাহাজ মেরামত করে তাত্ক্ষণিক চাহিদা পূরণ করছে ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
রয়টার্সের একটি প্রতিবেদনে
বলা হয়েছে, গাড়ি থেকে স্টিল পর্যন্ত ব্যবসা বিস্তৃত
থাকা ভারতের অন্যতম বৃহত্ ব্যবসায়িক গোষ্ঠীটি গত জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ
সম্পন্ন করে। এরপর পুরনো উড়োজাহাজের বহর আধুনিকায়ন, প্রতিষ্ঠানকে
লাভজনক হিসেবে দাঁড় করাতে এবং পরিষেবা উন্নতির জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
মুম্বাইতে অনুষ্ঠিত টাটা
করপোরেট ইভেন্টে এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন বলেন, আমরা এয়ারবাস, বোয়িং ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর
সঙ্গে সর্বশেষ প্রজন্মের উড়োজাহজের বড় একটি ক্রয়াদেশ নিয়ে আলোচনা করছি। এ উদ্যোগ আমাদের
মধ্যম ও দীর্ঘমেয়াদী কার্যক্রমকে শক্তিশালী করবে।
তিনি বলেন, আমরা উড়োজাহাজের বহর ও বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করার পরিকল্পনা করছি। এ উদ্যোগের মাধ্যমে আগামী পাঁচ বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বাজার অংশীদারত্ব ৩০ শতাংশে উন্নীতের লক্ষ্য এয়ার ইন্ডিয়ার।
শিল্প অনুমান অনুসারে, বর্তমানে অভ্যন্তরীণ বাজারে সংস্থাটির বাজার অংশীদারত্ব প্রায় ১০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে বাজার অংশীদারত্ব প্রায় ১২ শাতংশ।










