নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে পুঁজিবাজারে লেনদেনে ফিরবে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের শেয়ার। গত বৃহস্পতিবার রেকর্ড ডেটসংক্রান্ত কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার ও বুধবার কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছে ব্যাংকটির শেয়ার। এ সময়ে ব্যাংকটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে ব্যাংকটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১০ অক্টোবর বেলা ১২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট বৃহস্পতিবার। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৯০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১১ পয়সায়।