ইরাকে একটি এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সৌদি আরব। এ লক্ষ্যে সম্প্রতি জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে চুক্তি সই করেছে ইরাক। এটিই হতে যাচ্ছে দেশটির প্রথম পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন প্রকল্প। খবর আরব নিউজ।

ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী জিহাদ আলী ফাদেল জানিয়েছেন, রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে মধ্য ইরাকের নাজাফ শহরে যৌথ উদ্যোগ প্রকল্পটি বাস্তবায়ন হবে। এছাড়া চীনের নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারচীনা ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একটি চুক্তি করেছে। 

আরব সংবাদমাধ্যম আলইক্তিসাদকে দেয়া এক সাক্ষাৎকারে জিহাদ আলী ফাদেল বলেন, ‘সৌদির এসিডব্লিউএ পাওয়ার কোম্পানি যৌথ চুক্তির ভিত্তিতে নাজাফে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এরই মধ্যে প্রকল্পের জন্য জমি বরাদ্দ করেছি।’

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান ইরাকের বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে রিয়াদে বৈঠকের কয়েকদিন পর এ খবর সামনে এলো। বৈঠকে সৌদি আরব ও ইরাকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনে সহযোগিতাসংক্রান্ত আলোচনা হয়েছে।

প্রতিবেদন বলছে, সৌদি-ইরাকের সাম্প্রতিক বৈঠক নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে। এসিডব্লিউএ পাওয়ারের প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে ইরাকের সংশ্লিষ্ট খাতের অবকাঠামো উন্নত হবে এবং এর বদৌলতে ভবিষ্যতের প্রকল্পগুলোর উন্নয়ন ঘটবে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি-ইরাক অংশীদারত্বমূলক চুক্তি উভয় দেশের বিদ্যুৎ খাতের নির্ভরযোগ্যতা বাড়াবে। এ চুক্তির ফলে উভয় দেশের অর্থনৈতিক সঞ্চয়, বিদ্যুৎ উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোসহ বিনিয়োগ আকর্ষণ সম্ভব হবে। উভয় দেশের মন্ত্রী সৌদি আরবের প্রযুক্তিগত দক্ষতার সুবিধা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়া স্মার্ট মিটারের অবকাঠামো উন্নয়নে সৌদি ও ইরাকি কোম্পানির ঠিকাদার ও নির্মাতাদের অংশ নেয়াসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।

নাজাফ ছাড়াও আরেকটি বিদ্যুৎ প্লান্ট নির্মাণের বিষয়ে এসিডব্লিউএ পাওয়ারকে সম্প্রতি আহ্বান জানিয়েছে ইরাকি সরকার ও ফরাসি তেল কোম্পানি টোটালএনার্জিস। বাসরাহ আঞ্চলিক গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সৌদি কোম্পানিকে এ আমন্ত্রণ জানানো হয়।