ব্রাজিলে বিপর্যয়ের মুখে পড়েছে ভুট্টা উৎপাদন। ভয়াবহ খরার কারণে ভুট্টার আবাদ কমিয়ে এনেছেন দেশটির কৃষকরা। এর ফলে উৎপাদন কমে পাঁচ বছরের সর্বনিম্নে নেমে যেতে পারে। ব্রাজিলের কৃষি বাণিজ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এজিরুরাল এ পূর্বাভাস দিয়েছে। খবর রয়টার্স ও ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

ব্রাজিল বিশ্বের তৃতীয় বৃহৎ ভুট্টা উৎপাদনকারী দেশ। এজিরুরাল এক বিবৃতিতে জানায়, দেশটির মধ্য-দক্ষিণ অঞ্চলের কৃষকরা এ বছর ছয় কোটি টন ভুট্টা উৎপাদন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে, যা মে মাসে করা প্রাক্কলনের চেয়ে ৫০ লাখ টন কম। এর আগে চলতি বছরের ভুট্টা উৎপাদন নিয়ে প্রাথমিক একটি প্রাক্কলন করেছিল এজিরুরাল। নতুন প্রাক্কলনে উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ১ কোটি ৭০ লাখ টন হ্রাস পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাক্কলিত উৎপাদনের আলোকে এজিরুরাল জানায়, এ বছর কৃষকরা প্রতি হেক্টর জমি থেকে ৭৭ দশমিক ৫ ব্যাগ (১ ব্যাগে ৬০ কেজি) ভুট্টা সংগ্রহ করতে পারবে, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন।

এজিরুরালের প্রতিবেদনে বলা হয়, দেশটির বেশির ভাগ রাজ্যে এবার দেরিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে উৎপাদনশীল রাজ্যগুলোতে প্রত্যাশিত গড় উৎপাদন কমে গেছে।

ব্রাজিলে ৯১ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে এ বছর। এতে দেশটির শস্য আবাদ এবং গবাদিপশু পালন ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। বনাঞ্চল অগ্নিকাণ্ডের তীব্র ঝুঁকিতে রয়েছে।

ব্রাজিলের খাদ্যশস্যের একটি বড় অংশ উৎপাদিত হয় মাটো গ্রোসো রাজ্যে। শুষ্ক আবহাওয়ার কারণে রাজ্যটিতে মারাত্মকভাবে ভুট্টার আবাদ ব্যাহত হয়েছে। তবে অন্যান্য রাজ্যে এপ্রিল ও মে মাসে সামান্য বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।