ব্রাজিলের কফি রফতানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠছে চীন। দেশটি থেকে গত পাঁচ বছরে বেইজিংয়ে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে দ্বিগুণের বেশি। চীনের তরুণ প্রজন্মের কাছে কফির জনপ্রিয়তা বাড়ছে, যা দেশটিতে পণ্যটির রফতানি বাড়াতে মূল ভূমিকা পালন করছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর সিনহুয়া।

ব্রাজিলের জাতীয় কফি এক্সপোর্ট কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্রাজিলের থেকে চীনে কফি রফতানি বেড়েছে ১১০ দশমিক ৩৩ শতাংশ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ব্রাজিল থেকে সব মিলিয়ে ৮৪ হাজার ৩৫২ ব্যাগ কফি চীনে রফতানি হয়েছিল। ২০১৯ সালে পণ্যটির রফতানি বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৪১৯ ব্যাগে উন্নীত হয়েছে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দেশটি থেকে চীনে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে ৯৩ হাজার ৬৭ ব্যাগ।

কফি এক্সপোর্ট কাউন্সিলের টেকনিক্যাল ডিরেক্টর ইডয়ার্দো হেরোন দস সান্তো বলেন, ঐতিহাসিক কাল থেকে চীনে পানীয় পণ্য হিসেবে চা অত্যন্ত জনপ্রিয়। তবে দেশটির বর্তমান তরুণ প্রজন্ম চায়ের পাশাপাশি কফির প্রতি ঝুঁকছে। ফলে চীনে কফির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দেশটি ব্রাজিলের কফি রফতানির নতুন ও গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। পাঁচ বছর আগে চীনে ব্রাজিল যে পরিমাণ কফি রফতানি করত, বর্তমানে তা দ্বিগুণের বেশি বেড়েছে।