বৈশ্বিক কয়লা উত্তোলনে বড় হিস্যা রয়েছে যুক্তরাষ্ট্রের। চীন ও ভারতের পরই সবচেয়ে বেশি কয়লা উত্তোলন করে দেশটি। কার্বন নিঃসরণ হ্রাসে বিশ্বের উন্নত দেশগুলো কয়লা উত্তোলন কমিয়ে আনার চিন্তা করছে। কিন্তু যুক্তরাষ্ট্র জ্বালানি খাতটিতে সক্ষমতা আরো বাড়াচ্ছে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বাড়বে। দেশটি বছরের শেষ নাগাদ সব মিলিয়ে ৬১ কোটি ৭৩ লাখ শর্ট টন কয়লা উত্তোলন করবে। গত বছর উত্তোলন করা হয়েছিল ৫৩ কোটি ৯১ লাখ শর্ট টন, যা ৫৫ বছরের রেকর্ড সর্বনিম্ন।
ইআইএ কর্তৃক প্রকাশিত শর্ট-টার্ম এনার্জি আউটলুক শীর্ষক প্রতিবেদনে বলা হয়, মাসভিত্তিক হিসাবেও কয়লা উত্তোলন বাড়ছে। চলতি মাসে ১ কোটি ৭০ লাখ টন উত্তোলন বাড়ানোর পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা গত জুনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
এদিকে আগামী বছরের উত্তোলন নিয়েও পূর্বাভাস দিয়েছে মার্কিন সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন দশমিক ৯ শতাংশ বাড়বে।
ইআইএ বলছে, চলতি বছর বিদ্যুৎ খাতে কয়লার ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ৫২ কোটি ২২ লাখ শর্ট টন। আগামী বছর এ খাতে ব্যবহার করা হবে ৪৮ কোটি ৭০ হাজার লাখ শর্ট টন। অর্থাৎ এ দুই বছরই ২০২০ সালের তুলনায় ব্যবহার ঊর্ধ্বমুখী থাকবে। গত বছর বিদ্যুৎ খাতে ব্যবহার করা হয়েছিল ৪৩ কোটি ৬৫ লাখ শর্ট টন কয়লা।
তবে জ্বালানি পণ্যটির মজুদ ঘাটতির আশঙ্কার কথা জানিয়েছে ইআইএ। ২০২১ সালের শেষ নাগাদ বিদ্যুৎ খাতে পণ্যটির মজুদ কমে ১০ কোটি ৭৭ লাখ শর্ট টনে নেমে আসবে বলে জানিয়েছে সংস্থা। গত বছর মজুদের পরিমাণ ছিল ১৩ কোটি ২৭ লাখ শর্ট টন। এদিকে আগামী বছরও মজুদ ঘাটতি ধারা অব্যাহত থাকবে। মজুদের পরিমাণ দাঁড়াবে ৮ কোটি ৪৫ লাখ শর্ট টনে।
ইআইএ জানায়, করোনার প্রভাব কাটতে থাকায় মার্কিন মুলুকে বাড়ছে বিদ্যুতের চাহিদা। আর বিদ্যুৎ খাতে ঊর্ধ্বমুখী কয়লার চাহিদা। মূলত এ চাহিদা মেটাতেই দেশটি কয়লা উত্তোলন ক্রমে
বাড়াচ্ছে।
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে কয়লার মোট ব্যবহার ৫৬ কোটি ৯০ লাখ শর্ট টন এবং আগামী বছর ৫৩ কোটি ৬৮ লাখ শর্ট টনে দাঁড়াবে বলে জানিয়েছে ইআইএ। গত বছর মোট ব্যবহারের পরিমাণ ছিল ৪৭ কোটি ৭৩ লাখ শর্ট টন।
এদিকে কয়লার বৈশ্বিক রফতানি বাজারেও বড় অংশীদারিত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের। চলতি বছর পণ্যটি রফতানিতে বড় প্রবৃদ্ধি আসবে। এ সময় বিশ্ববাজারে দেশটি ৮ কোটি ৩৮ লাখ শর্ট টন কয়লা সরবরাহ করতে সক্ষম হবে। গত বছর রফতানি করা হয়েছিল ৬ কোটি ৯১ লাখ শর্ট টন। এ সময় করোনার কারণে রফতানি চার বছরের সর্বনিম্নে নেমে গিয়েছিল। অন্যদিকে আগামী বছর রফতানি আরো বাড়ার পূর্বাভাস মিলেছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্র ৯ কোটি ৯১ লাখ শর্ট টন কয়লা রফতানি করতে পারে বলে জানিয়েছে ইআইএ।










