সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমিয়েছে চীন। মে মাসে আমদানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কমেছে। তবে নয় মাসেরও বেশি সময় ধরে চীনের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারীর তকমা ধরে রেখেছে সৌদি আরব। চীনের শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও আরব নিউজ।

চীনের শুল্ক বিভাগের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, গত মাসে সৌদি আরব থেকে চীনের উদ্দেশে ৭২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল জাহাজীকরণ হয়। এপ্রিলে জাহাজীকরণের পরিমাণ ছিল ৬৪ লাখ ৭০ হাজার টন। এর আগের মাসে দেশটি থেকে জাহাজীকরণ হয় ৯১ লাখ ৬০ হাজার টন।

সৌদি আরবের পর রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে চীন। গত মাসে রাশিয়া থেকে আমদানির পরিমাণও কমেছে। এ সময় দেশটি চীনে ৫৪ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে। চলতি বছর সৌদি আরব ও রাশিয়া থেকে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি প্রায় ১৫ শতাংশ কমেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও গত মাসে আমদানি কমিয়েছে চীন। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ২৫ শতাংশ কমেছে।

শুল্ক বিভাগের তথ্য বলছে, গত মাসে ইরান থেকে কোনো অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়নি। টানা পাঁচ মাস ধরে দেশটি থেকে আমদানি শূন্যের কোটায় রয়েছে। এদিকে ভেনিজুয়েলা থেকে আমদানি গত বছরের একই সময়ে তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখ ৪০ হাজার টনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে দ্বিগুণ।