চীনের দৈনিক গড় অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। অক্টোবরে ধাতুটির উৎপাদন এক বছরের সর্বনিম্নে নেমে যায়। বিদ্যুৎ সংকটের কারণে বিগলন প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই বাধার সম্মুখীন হচ্ছে। এ কারণেই উৎপাদনে ধস নেমেছে। রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে দেশটি সব মিলিয়ে ৩১ লাখ ৩০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১ দশমিক ৮ শতাংশ কমেছে। দৈনিক উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬৮ টনে। এটি গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্ন উৎপাদন। সেপ্টেম্বরে দৈনিক উত্তোলন ছিল ১ লাখ ২ হাজার ৫০০ টন।

দক্ষিণ-পশ্চিম প্রদেশ গাইজুতে অবস্থিত পাঁচটি বিগলন কেন্দ্রকে ২১ অক্টোবর বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও উৎপাদন সক্ষমতা বন্ধের নির্দেশ দেয়া হয়। ধাতব পণ্যের বাজার পরামর্শক মাইস্টিল এ তথ্য জানিয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর বার্ষিক উৎপাদন সক্ষমতায় প্রভাব পড়েছে।

বাজার পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি এক প্রতিবেদনে জানায়, চীনের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম বিগলন কেন্দ্র ইউনান রাজ্য। শুষ্ক আবহাওয়ার কারণে এ অঞ্চলে জলবিদ্যুৎ সরবরাহ কমে গিয়েছে। এতে প্রভাব পড়ছে অ্যালুমিনিয়াম উৎপাদনে। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এ রাজ্যের উৎপাদন অনেক বেশি কমতে পারে। বছরের ১০ মাসে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার টনে।