জ্বালানি তেল উত্তোলনে সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। এর পাশাপাশি খনিজ উত্তোলন কাজেও এগিয়ে। এ খাতে মানবসম্পদের যথাযথ ব্যবহার ও উন্নয়ন নিশ্চিতকরণে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করবে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। খবর আরব নিউজ।

সম্প্রতি সৌদির শিল্প ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়া সফর করেছে। সফরে দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরই নতুন অংশীদারত্বমূলক চুক্তি সম্পাদনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে। এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানায়, এ দুই খাতে মানবসম্পদকে যথাযথভাবে ব্যবহার ও পরিচালনায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করাই ছিল সফরের উদ্দেশ্য।

শিল্প ও খনিজ খাতে ভবিষ্যৎ প্রশিক্ষণ পদ্ধতি কেমন হবে, সে বিষয়ে কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি দলটি। সফরে প্রতিনিধি দলটি হুন্দাই মোটর গ্রুপ ও হুন্দাই অকুপেশনাল ট্রেনিং কলেজে ব্যবহৃত প্রোগ্রাম, উদ্যোগ ও প্রযুক্তির বিষয়ে জ্ঞান অর্জন করে।

শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও প্রতিনিধি দলটি কোরিয়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও স্টার্টআপ মন্ত্রণালয়ের সঙ্গে মানবসম্পদ ব্যবহারের কৌশল সম্পর্কে আলোচনা করে। এছাড়া প্রতিনিধি দলটি কোরিয়ান চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির সঙ্গেও বৈঠক করে। সেখানে কর্মভিত্তিক শিখন প্রোগ্রামের জন্য কীভাবে মানবসম্পদকে প্রশিক্ষণ দেয়া ও উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। দক্ষতা উন্নয়ন বা প্রতিভা বিকাশের বিষয়েও দুটি দেশ বৈঠকে আলোচনা করেছে। এ ছাড়াও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উন্নয়ন কৌশলের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

গত এপ্রিলে আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার ডেপুটি ফরেইন মিনিস্টার চই ইয়াংসাম বলেন, ‘বিভিন্ন অর্থনৈতিক খাতে সৌদি আরবের সঙ্গে আমাদের মিল রয়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণ খাত ও উন্নত প্রযুক্তি ।’

সিউলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জার্নালিস্টস কনফারেন্স ২০২৩-এ মন্ত্রী বলেন, ‘‌আমরা আশা করি, দুই দেশের মধ্যে আরো বিস্তারিত সহযোগিতামূলক প্রকল্প বিষয়ে উপলব্ধি করতে পারব।’

২০২২ সালের নভেম্বরে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ভবিষ্যৎকেন্দ্রিক কৌশলগত অংশীদারত্ব তৈরিতে সম্মত হন। এ ছাড়াও পারস্পরিক সহযোগিতামূলক প্রকল্পগুলোর প্রচারে বিশেষ কমিটি তৈরির কথাও জানান।

নভেম্বরে কোরিয়া-সৌদি বিনিয়োগ ফোরামের সঙ্গে নভেম্বরের সে সফর যুক্ত হয়েছিল। সে সময় সৌদি ও কোরিয়ান কোম্পানিগুলোর মধ্যে বিভিন্ন খাতে ২৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও সৌদির স্মার্ট শহর এনইওএম নির্মাণের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।