মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে চলতি মৌসুমের চতুর্থ দফা চা-এর নিলাম হয়েছে। নিলামে ১লাখ ৪০ হাজার
কেজি চা প্রস্তাবের মধ্যে বিক্রি হয়েছে ৯০ হাজার কেজি চা। এবারের নিলামে প্রথম বারের মতো
কয়েকটি নতুন জাতের চা উত্তোলন করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার
১শ টাকায় বিক্রি
হয় হানি গ্রিন টি।
শ্রীমঙ্গল
চা নিলাম ব্যবস্থাপনা সংগঠন টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব
বাংলাদেশ (টিপিটিএবি) সূত্রে জানা গেছে, গতকাল বুধবার অনুষ্ঠিত মৌসুমের চতুর্থ নিলামে দেশের
বিভিন্ন স্থানের অর্ধশতাধিক বায়ার ও ব্রোকার হাউজ অংশ নেয়।
এতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান বড়লেখা উপজেলার শাবাজপুর টি এস্টেটে উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মাচা গ্রিন টি
প্রথমবারের মতো উত্তোলন করা হয়।
এরমধ্যে
এক কেজি হানি গ্রিন টি সর্বোচ্চ ৩ হাজার ১শ টাকায় বিক্রি হয়। এছাড়া
জাপানি প্রযুক্তির পাউডার চা মাচা গ্রিন টি আড়াই কেজি প্রথমবারের মতো নিলামে তোলা
হয় এবং বিক্রি হয়।
নিলামে
প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ৩ হাজার ১০০ টাকা সর্বনিম্ন ১৪৫টাকা এবং এবং গড় দাম
ছিলো ১৯০ টাকা। বিক্রি হওয়া ৯০ হাজার কেজি চায়ের দাম ১ কোটি ৭১ লাখ টাকা।
টিপিটিএবি-এর সদস্য সচিব জহর তরফদার বলেন, করোনার কারণে নিলাম কার্যক্রম শুরু করতে এবার কিছুটা দেরি হলেও গত
মৌসুমের চেয়ে এবার দুটো নিলাম বেশি হবে।
এবার মোট ২২টি নিলাম অনুষ্ঠিত হবে।
তবে
কভিডের কারণে চলমান বিধি-নিষেধের কারণে দুর দূরান্তের বায়ার ও ব্রোকার হাউজ
অংশ নিতে পারছেনা। তারপরও শ্রীমঙ্গলে প্রতিটি নিলামেই বিপুল পরিমাণ চা বিক্রি
হচ্ছে। এখানে উন্নত মানের অনেক ওয়্যারহাউজও তৈরী হয়েছে।










