সম্প্রতি ‘ম্যানেজিং এমএল অ্যান্ড টিএফ রিস্কস ইনভলভিং অনলাইন কানেক্টিভিটি’ শীর্ষক অর্ধবার্ষিক এ সেমিনারের আয়োজন করা হয়। এর মূল প্রতিপাদ্য ছিল অনলাইন কানেক্টিভিটি কেন্দ্রিক কমপ্লায়েন্স জোরদারের মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা। বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আলোকে অনলাইন জুয়া ও বেটিং, ভার্চুয়াল অ্যাসেটের (ভিএ) অবৈধ লেনদেন এবং অনলাইন কানেক্টিভিটি কেন্দ্রিক অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আর্থিক সেবার নিরাপত্তা নিশ্চিতে ইন্টিগ্রেটেড সার্ভিস মডেল, বাড়তি নজরদারি ও সময়মতো নিয়ন্ত্রক সংস্থাকে রিপোর্ট করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুদিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর; চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম; চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান; চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম; হেড অব এএমএল অ্যান্ড সিএফটি সাবের শরীফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেমিনারে এমএফএস প্রতিষ্ঠানটির ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের এএমএল ও সিএফটি কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিকাশ বিশেষ কাস্টমাইজড কমপ্লায়েন্স টুল ‘এএমএল ৩৬০ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন সলিউশন’ ও স্ক্রিনিং ইন্টেলিজেন্স সিস্টেমের (এসআইএস) মাধ্যমে যেকোনো ধরনের কমপ্লায়েন্স-বহির্ভূত লেনদেন শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।