রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল ব্যাংকটির ঢাকা সেন্ট্রাল ও ইস্ট জোন এবং ছয়টি করপোরেট শাখার অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম; উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান; ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম; ঢাকা ইস্ট জোনপ্রধান মুহাম্মদ সোলায়মান এবং ঢাকার ছয়টি করপোরেট শাখা প্রধানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণীর গ্রাহকের আস্থা আরো সুদৃঢ় করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো বেশি সম্পৃক্ত করতে হবে।’ তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ হ্রাসে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন দাবি করেন ইসলামী ব্যাংক আস্থার সংকট কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক অচিরেই দেশের ব্যাংক খাতের সব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সম্মেলনে সংশ্লিষ্ট জোন ও শাখার অর্ধবার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, আমানত ও বিনিয়োগ বৃদ্ধি, গ্রাহকসেবার উৎকর্ষ সাধন এবং ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।










