পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর গত ১৯ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত তিন গুণেরও বেশি বেড়েছে। এ অবস্থায় কোম্পানিটির শেয়ারের লেনদেনের বিষয়টি তদন্তের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যানুসারে, গত ১৯ মার্চ লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর ছিল ৪২ টাকা ৩০ পয়সা, যা গত ৬ আগস্ট বেড়ে ১৩৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২৩ গুণ। কোম্পানিটির শেয়ারদরের অস্বাভাবিক গতিবিধির কারণে গত ১৯ মার্চ থেকে পরবর্তী সময়ের লেনদেনের ওপর তদন্তের নির্দেশনা দিয়ে ১১ সেপ্টেম্বর বিএসইসির পক্ষ থেকে ডিএসইকে চিঠি দেয়া হয়েছে। ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ৫ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ারদর ক্রমেই নিম্নমুখী এবং সর্বশেষ গতকাল দর ৯৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৯ ও ১৪০ টাকা।










