গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) চলতি মাসের নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক দাম কমেছে। পাশাপাশি নিলামে দুগ্ধপণ্য সরবরাহের হার বেড়েছে। জিডিটি মূল্যসূচক আগের নিলামের তুলনায় দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৯ ডলারে। এর আগের নিলামেও দুগ্ধপণ্যের দাম কমে গিয়েছিল।

এবারের নিলামে ২৩ হাজার ১১৯ টন দুগ্ধপণ্য বিক্রি হয়েছে। আগের নিলামের চেয়ে বিক্রি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ। সরবরাহ করা হয়েছে সর্বোচ্চ ২৫ হাজার ২৩৫ টন দুগ্ধপণ্য। নিলামে অংশ নেন ১৬০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। এর মধ্যে জয়ী হয়েছেন ১১৩ জন। নিলামের এমন ফলাফল নিউজিল্যান্ডের মুদ্রার বিনিময় মূল্যে প্রভাব ফেলতে পারে। কারণ দেশটির জিডিপিতে দুগ্ধপণ্য খাতের অবদান ৭ শতাংশ। 

জিডিটি নিলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত হয় ননিযুক্ত গুঁড়া দুধ (ডব্লিউএমপি)। খামারিরা এটি থেকে সরাসরি লাভবান হন। এটির দাম আগের তুলনায় ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ১৭৩ ডলার।

ননিবিহীন গুঁড়া দুধের দামে কোনো পরিবর্তন হয়নি। পণ্যটি টনপ্রতি ২ হাজার ৭৫৫ ডলারে বিক্রি হয়েছে। মাখনযুক্ত গুঁড়া দুধের দাম ২ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ২ হাজার ৩২২ ডলারে।