চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো মুনাফা লাভের প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামাজন, ফলে কোম্পানির শেয়ারদর বেড়েছে। ফ্যাক্টসেটের বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে ই-কমার্স কোম্পানিটি ৬৭০ কোটি ডলার আয় করেছে। খবর এপি।
বৈদ্যুতিক গাড়ির স্টার্ট-আপ রিভিয়ান অটোমোটিভে বিনিয়োগে বড় ধরনের ক্ষতির কারণে গত বছরের একই সময়ে অ্যামাজন লোকসানের কথা জানিয়েছিল। দ্বিতীয় প্রান্তিকের মুনাফার মধ্যে রয়েছে রিভিয়ান বিনিয়োগে ২০ কোটি কর-পূর্ব মূল্যায়ন লাভ। অ্যামাজনের সামগ্রিক আয় ছিল ১৩ হাজার ৪৪০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এটি বিশ্লেষকদের ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অ্যামাজনের ক্লাউড ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিস ২ হাজার ২১০ কোটি ডলার আয় করেছে।
অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জেসি বলেন, ‘ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি, যা গত বছরে ধীর হয়েছিল কারণ কোম্পানিগুলো ব্যয় কমিয়েছিল, গ্রাহকরা ব্যয় সামঞ্জস্য থেকে নতুন কাজের দিকে স্থানান্তরিত হতে শুরু করায় ব্যবসা আবার স্থিতিশীল হয়েছে। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ অনলাইন রিটেইল ব্যবসা বেড়েছে ৫ শতাংশ, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের পর সবচেয়ে ভালো।
অ্যামাজন ফ্রেশ, গো স্টোর ও হোল ফুডসসহ অ্যামাজনের স্টোরগুলোয় বিক্রি ৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি একই দিনের ডেলিভারি সাইটের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। তাছাড়া নিজেদের ব্যবসা মুদিপণ্য খাতে আরো প্রসারিত করার ইচ্ছা রেখেছে।










