মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন (ইএস) শুরু হবে ২৪ সেপ্টেম্বর, যা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, যেসব যোগ্য বিনিয়োগকারী (ইআই) ফান্ডটিতে সাবস্ক্রিপশনে আগ্রহী, তাদের মধ্যে অনুমোদিত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের জন্য ন্যূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়া অন্য যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজারমূল্যে ৩ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। তালিকাভুক্ত সিকিউরিটিজে যোগ্য বিনিয়োগকারীদের বিনিয়োগের বিষয়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এক্সচেঞ্জের কাছে প্রতিবেদন পাঠাবে এবং এক্সচেঞ্জ এ-সংক্রান্ত শর্ত পরিপালনের বিষয়টি নিশ্চিত করবে। ইআইদের পুরো সাবস্ক্রিপশনের টাকা ও ফি পরিশোধ করতে হবে।










