ক্রমবর্ধমান নগরায়ণে ভারতে দেশীয় ইস্পাতের ব্যবহার বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় ইস্পাতের চাহিদা ১৬ কোটি টনে দাঁড়াতে পারে। সম্প্রতি গুজরাটে এক আলোচনা সভায় এ পূর্বাভাস দেন ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিংহ। খবর পিটিআই।

এক বিবৃতিতে মন্ত্রী জানান, ইস্পাতের চাহিদা, উৎপাদন ও ব্যবহার বাড়াতে ভারত সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনার্দন সিংহ সিগরিওয়াল, বিদ্যুৎ বরণ মাহাতো, সতীশচন্দ্র দুবে, অখিলেষ প্রসাদ সিংহ ও চন্দ্র প্রকাশ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ইস্পাত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতে মোট ইস্পাতের ব্যবহার ছিল ৯ কোটি ৬২ লাখ টন। ২০২৪-২৫ অর্থবছরে শিল্প উপকরণটির ব্যবহার প্রায় দ্বিগুণ হতে পারে বলে আশা করছে মন্ত্রণালয়টি। ২০৩০-৩১ অর্থবছর নাগাদ ইস্পাত ব্যবহার পৌঁছতে পারে ২৫ কোটি টনে।

সম্প্রতি ভারত সরকার গতিশক্তি মাস্টারপ্ল্যান ঘোষণা করেছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী, আগামী পাঁচ বছর অবকাঠামোগত উন্নয়নে ১০০ লাখ কোটি রুপির বিনিয়োগ পরিকল্পনা রয়েছে সরকারের। অবকাঠামো উন্নয়নের এ পরিকল্পনার ফলে ইস্পাতের ব্যবহার আরো বাড়বে বলে জানিয়েছেন ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিংহ। তিনি আরো বলেন, দেশের শিল্পোন্নয়নের ক্ষেত্রে ইস্পাত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবকাঠামো, নির্মাণ, ইঞ্জিনিয়ারিং ও প্যাকেজিং, অটোমোবাইল এবং প্রতিরক্ষার মতো প্রধান খাতগুলোয় ইস্পাতের কার্যকর ব্যবহার রয়েছে।