ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ২০২৩-২৪ বিপণন বছরে ফ্রান্সের গম রফতানি বাড়ার পূর্বাভাস বাড়িয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত কৃষি ও সামুদ্রিক পণ্য বিভাগ ফ্রান্সএগ্রিমার। সম্প্রতি এ-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনে ফ্রান্সএগ্রিমার জানিয়েছে, চলতি মৌসুমে ইউইর বাইরে খাদ্যশস্যটির রফতানির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৯৮ লাখ টন। এর আগে এক পূর্বাভাসে এ সংখ্যা ৯৫ লাখ টন হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি। এ হিসেবে সংশোধিত সর্বশেষ পূর্বাভাসে রফতানির পরিমাণ তিন লাখ টন বাড়ার তথ্য এল। রফতানি পূর্বাভাস বাড়লেও এ হার গত বছরের মোট রফতানির চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ কম।

সরবরাহ ও চাহিদা তথ্যের ভিত্তিতে ফ্রান্সএগ্রিমারের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ইউরোপীয় দেশগুলোয় গম রফতানির পরিমাণ কমবে। তবে ২০২২-২৩ বিপণন বছরের রফতানির চেয়ে ১৪ দশমিক ৮ শতাংশ বাড়বে। গত সেপ্টেম্বরে প্রাথমিক রফতানি পূর্বাভাসে ইইউতে ৭৫ লাখ ৪০ হাজার টন গম সরবরাহ করার কথা বলা হয়েছিল। সংশোধিত পূর্বাভাসে তা কমিয়ে ৭৩ লাখ ৩০ হাজার টনে নামানো হয়েছে।

এদিকে গত বছরের চেয়ে মজুদের পরিমাণ বাড়বে ৮ দশমিক ৮ শতাংশ। ২০২৩-২৪ বিপণন বছর শেষে মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ২৭ লাখ ৭০ হাজার টনে।