তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পর্ষদ ১৫০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ড ইস্যু করে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি তাদের ব্যাংকঋণের আংশিক পরিশোধ করবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৫০ কোটি টাকার এ বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। এটি আংশিক রূপান্তরোযগ্য ও ফুললি রিডিমেবল হবে। অর্থাৎ এ বন্ডের অংশবিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে এবং মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়ন হবে। এছাড়া বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। এর সুদহার হবে ভাসমান। ছয় মাস পরপর বন্ডধারীকে প্রাপ্য সুদ দেয়া হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৩১ জুলাই দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রন্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই। শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার পর এ বিষেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইবে কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা ফার্মাসিউটিক্যালসের নিট বিক্রি হয়েছে ৪২৩ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬৬ কোটি ২৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রি বেড়েছে ৫৭ কোটি ২৩ লাখ টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৮৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ কোটি ১৮ লাখ টাকা।










