কাঁচামালের অভাব ও দামের ঊর্ধ্বগতি নিয়েই বছর শেষ করতে যাচ্ছেন ইউরোপিয়ান স্টেইনলেস স্টিলের ক্রেতারা। পাশাপাশি মহামারীর প্রভাবে সৃষ্ট সরবরাহ ও চাহিদায় ভারসাম্যহীনতাও অব্যাহত থাকবে। বৈশ্বিক সরবরাহ চেইনে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তাও বজায় থাকবে। অব্যাহত সংকটে সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ফলে লাফিয়ে বাড়ছে দাম। ধাতু বাজারের তথ্য-উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান মেপস এমনটা জানিয়েছে।
বিশ্বজুড়ে শিল্প উৎপাদন কোম্পানিগুলো এখনো কাঁচামাল ও উপকরণ সংকট মোকাবেলায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাড়ি নির্মাণ খাতে। সেমিকন্ডাক্টর ঘাটতির কারণে নির্মাণ লক্ষণীয় হারে কমেছে। তবে এর বাইরেও আরো নানা সংকট দেখা দিয়েছে।
ইউরোপে স্থানীয় উৎপাদকদের কাছে স্টেইনলেস স্টিলের প্রাপ্যতা এখনো সংকুচিত। গত বছরের শেষ দিকে ধাতব পণ্যটির চাহিদায় উল্লম্ফন দেখা দেয়। তখন থেকেই স্টেইনলেস স্টিলের প্রাপ্যতায় অনিশ্চয়তা তৈরি হয়। স্টিল উৎপাদকরা পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বণ্টনে ব্যর্থ হন।
এদিকে আবারো কমেছে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন। এ নিয়ে টানা দুই মাসের মতো ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমল। এমন মন্দার জন্য চীনকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ নানা কারণে দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন সংকুচিত হচ্ছে।










