নিলামে উঠছে স্টার ওয়ারস থেকে ইন্ডিয়ানা জোনস বা এলফের মতো জনপ্রিয় চলচ্চিত্রের পোশাক ও অন্যান্য স্মারকের বিশাল এক কালেকশন। লন্ডনের প্রপস্টোর আয়োজন করছে ‘উইন্টার এন্টারটেইনমেন্ট মেমোরাবিলিয়া লাইভ অকশন’। ৫-৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে ১ হাজার ৩৫০টিরও বেশি লট থাকবে, যার সম্মিলিত মূল্য আনুমানিক ৮০ লাখ পাউন্ডের বেশি।

নিলামের সবচেয়ে মূল্যবান আইটেম ‘স্টার ওয়ারস: দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ (১৯৮০) সিনেমায় ব্যবহৃত বোবা ফেটের ইই-থ্রি কারবাইন রাইফেল। ধারণা করা হচ্ছে, এটি ৩ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ পাউন্ড পর্যন্ত দাম পেতে পারে।

প্রপস্টোরের প্রতিষ্ঠাতা ও সিইও স্টিফেন লেইন বলেন, ‘আমাদের কাছে এক বছর আগে রাইফেলটি আসে। আমরা কয়েক সপ্তাহ ধরে প্রায় ফরেনসিক পর্যায়ের পরীক্ষা করেছি। যদিও কিছু ক্ষতি ও ব্যবহারের চিহ্ন রয়েছে, তবুও এটি “এম্পায়ার স্ট্রাইকস ব্যাক”-এ ব্যবহৃত একমাত্র বোবা ফেট ব্লাস্টার।’

নিলামে অন্যান্য স্টার ওয়ার্স সামগ্রীর মধ্যে রয়েছে একই সিনেমার একটি রেবেল পাইলট হেলমেট ও ‘রিটার্ন অব দ্য জেডি’র একটি স্টর্মট্রুপার ই-১১ ইম্পেরিয়াল ব্লাস্টার। ইন্ডিয়ানা জোনসের স্মারকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’-এ হ্যারিসন ফোর্ড ব্যবহৃত ব্রাউন ফেদোরা হ্যাট। পোশাক বিভাগের অন্যতম আকর্ষণ হলো উইল ফেরেলের ‘এলফ’ চলচ্চিত্রের সবুজ টিউনিক।

আরো থাকছে ‘স্পাইডার-ম্যান থ্রি’ সিনেমায় টবি ম্যাগুয়ারের পরা কালো সিম্বায়োট স্যুট, ‘ব্যাক টু দ্য ফিউচার’ ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে মার্টি ম্যাকফ্লাই ব্যবহৃত হোভারবোর্ড ও ‘দ্য রেড সুজ’ সিনেমার ব্যালে স্লিপারস।

ডিজনিপ্রেমী ও সংগ্রাহকরা অ্যানিমেশন ইতিহাসের দুর্লভ কিছু সংগ্রহ দেখতে পাবেন নিলামে। ক্ল্যাসিক ডিজনি চলচ্চিত্রের প্রাথমিক কনসেপ্ট আর্ট থেকে শুরু করে চূড়ান্ত প্রডাকশন সেল পর্যন্ত সৃজনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এখানে প্রদর্শিত হবে। উল্লেখযোগ্য আইটেমের মধ্যে রয়েছে মেরি ব্লেয়ারের ‘সিনড্রেলা অ্যাট দ্য প্যালেস উইন্ডো’ (১৯৫০) এর কনসেপ্ট পেইন্টিং, যার আনুমানিক মূল্য ১৫-৩০ হাজার পাউন্ড। থাকছে ‘মনস্টারস, ইনক’-এর জর্গেন ক্লুবিয়েন স্বাক্ষরিত হাতে আঁকা বিট বোর্ড ও ‘ফ্যান্টাসিয়া’র স্টোরিবোর্ড।

হাতে আঁকা ব্যাকগ্রাউন্ডসহ সম্পূর্ণ সেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘স্লিপিং বিউটি’র ম্যালফিসেন্ট অ্যান্ড ডায়াবলো ও ‘পিনোকিও’র আইকনিক ‘আই হ্যাভ গট নো স্ট্রিংস’ দৃশ্যটি। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন