চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৮৭ দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২৩ লাখ ৯০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৪৫ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

তথ্য অনুসারে, গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৬ টাকা ৩৭ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৬ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেএমআই সিরিঞ্জেস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা। 

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৭৯ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩ দশমিক ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৭ দশমিক ১৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।