সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ২৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের আয় হয়েছে ২ হাজার ১৬৪ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫২১ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩০ কোটি ৮২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৯ পয়সায়। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ। এর বাইরে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি দুই দফায় ১৫ ও ১৮ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি মোট ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা কোম্পনিটির ইতিহাসে সর্বোচ্চ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৪ পয়সায়। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ২৫ পয়সায়।

সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপ ও স্পেনভিত্তিক সিমেন্টোস মলিন্স গ্রুপের যৌথ উদ্যোগ লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬০৯ কোটি ৬৮ লাখ টাকা।