মালয়েশিয়ায় ব্যাপক হারে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে জার্মানভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিওন। তৃতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বাজারে মিশ্র চিত্রের মধ্যে প্রত্যাশার চেয়ে ভালো করার পূর্বাভাস পেয়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।

ইনফিনিওনের চিপগুলো গাড়ি ও ডাটা সেন্টারগুলোয় ব্যবহার করা হয়। তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় সম্পর্কে বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল ৪০৫ কোটি ইউরো, কিন্তু কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ৪০৯ কোটি ইউরো বা ৪৪৭ কোটি মার্কিন ডলার। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।

ফল প্রকাশের পর ল্যাং এন্ড শোয়ার্জের প্রিমার্কেট ট্রেডিং শেয়ার ২ দশমিক ৭ শতাংশ পতন ঘটেছে। চলতি বছরের মধ্যেই ইনফিনিওন আনুমানিক ৩০০ কোটি ইউরো বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে। বিনিয়োগের অন্যতম প্রধান লক্ষ্য মালয়েশিয়ায় তাদের সাইট নির্মাণ করা। বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, তারা দেশটিতে বিশ্বের বৃহত্তম ২০০-এমএম এসআইসি পাওয়ার ফ্যাব নির্মাণ করবে। কুলিম ফ্যাবের পরিকল্পিত সম্প্রসারণে ইনফিনিওন পাঁচ বছরে অতিরিক্ত ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করবে।