দেশের টেকসই উন্নয়ন ও শিল্পের অগ্রযাত্রাকে অধিকতর ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গঠিত লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির আওতায় ডলারের মাধ্যমে রফতানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. আবুল বশর এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের রফতানিমুখী উৎপাদনশীল খাতের গ্রাহকরা তাদের ব্যবসায় সহায়তার জন্য এ তহবিলের পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন, যা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। —বিজ্ঞপ্তি










