শিমের মৌসুম আসতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠেছে অসময়ের শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। এছাড়া বাজারে উঠেছে টমেটো, যা বিক্রি হচ্ছে ২০০ টাকা। এছাড়া এসেছে আমদানীকৃত গাজর, যা বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।
হিলি বাজারে সবজি কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, আজ বাজারে সবজি কিনতে গিয়ে এ মৌসুমের প্রথম শিম দেখতে পেলাম। সাধারণত শিমের মৌসুম এটি নয়, তাই অসময়ের শিমের স্বাদ নিতে ৬০ টাকায় আড়াইশো গ্রাম শিম কিনেছি।
হিলি বাজারের সবজি বিক্রেতা আব্দুল খালেক বলেন, আমরা সাধারণত বিরামপুর ও ফুলবাড়ী অঞ্চল থেকে সবজি সংগ্রহ করে হিলি বাজারে বিক্রি করি। আমাদের অঞ্চলের শিম আসতে এখনো বেশ কিছুদিন বাকি। কিন্তু এরই মধ্যে যশোর অঞ্চলের কৃষকদের শিম বাজারে উঠতে শুরু করেছে। ফুলবাড়ী হাটে দেখে আমি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি হিলিতে বিক্রি করতে। আমি ২০০ টাকা দরে কিনে নিয়ে এসেছি, সঙ্গে পরিবহন খরচ ও নষ্ট মিলিয়ে ২৪০ টাকা কেজি বিক্রি করছি। এছাড়া টমেটো আমাদের অঞ্চলে এখনো ওঠেনি, কিন্তু ফুলবাড়ী অঞ্চলে টমেটো উঠতে শুরু করায় নিয়ে এসেছি বিক্রি করতে। প্রতি কেজি টমেটো ১৬০ টাকা কেজি দরে কিনে পরিবহন খরচ মিলিয়ে বিক্রি ২০০ টাকায়।










