কয়লা উত্তোলন ও বিপণনের কেন্দ্র হিসেবে পরিচিত চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শাংসি। প্রদেশটিতে ছোট-বড় মিলিয়ে ৯৫৪টি কয়লা খনি রয়েছে। তবে চলতি বছর এ সংখ্যা কমে আসছে। কেননা বছর শেষের আগেই ছোট ছোট সব কয়লা খনি বন্ধ করে দিতে যাচ্ছে শাংসির প্রাদেশিক সরকার। এ সময় বন্ধ হয়ে যাওয়া কয়লা খনির সংখ্যা দাঁড়াতে পারে ৩৫। খবর রয়টার্স ও সিনহুয়া।

এক বিবৃতিতে শাংসির প্রাদেশিক সরকার জানিয়েছে, ২০২০ সাল শেষ হওয়ার আগেই প্রদেশের সব ছোট ছোট কয়লা খনির কার্যক্রম পর্যায়ক্রমে গুটিয়ে নেয়া হবে। এক্ষেত্রে যেসব কয়লা খনির বার্ষিক উত্তোলন সক্ষমতা ছয় লাখ টনের নিচে, সেগুলোকে আর কার্যক্রম চালিয়ে নিতে দেয়া হবে না।

শাংসির ৯৫৪টি কয়লা খনির মধ্যে বছরে ছয় লাখ টনের কম কয়লা উত্তোলন করে ৩৫টি খনি। এগুলোর সম্মিলিত উত্তোলন সক্ষমতা বছরে ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টন। আর শাংসির ৯৫৪টি কয়লা খনির বার্ষিক উত্তোলন সক্ষমতা ৯৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টন। তবে উত্তোলন সক্ষমতার পুরোটাই ব্যবহার হয় না। গত বছর এ প্রদেশের খনিগুলো থেকে সব মিলিয়ে ৯৭ কোটি ১০ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে।

ব্যাপক মাত্রায় কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণের কারণে চীনের কয়লা শিল্পকে দায়ী করেন বিশেষজ্ঞরা। আর ছোট ছোট কয়লা খনি দূষণ বেশি ঘটায়। মূলত পরিবেশ সুরক্ষার স্বার্থে চলতি বছর শাংসির ছোট ছোট কয়লা খনির উত্তোলন কার্যক্রম গুটিয়ে নেয়া হচ্ছে।