র্যাপার ইয়ের সঙ্গে সম্পর্ক শেষ করার পর প্রথমবারের মতো ইজি ব্র্যান্ডের পণ্য বিক্রিতে ফিরছে অ্যাডিডাস। সেই সঙ্গে আয়কৃত অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে জার্মান স্পোর্টস ওয়ার নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এনবিসি।
একসময় কেনি ওয়েস্ট নামে পরিচিত এ গায়ক গত বছর ইহুদিবিরোধী মন্তব্য ও বর্ণবাদ ছড়িয়ে তোপের মুখে পড়েন। এর পরই গত অক্টোবরে অ্যাডিডাস তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে। তবে ১৯ মে এক বিবৃতিতে জানায়, হাতে থাকা পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। সেখান থেকে পাওয়া অর্থের উল্লেখযোগ্য পরিমাণ যাবে বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে লড়ছে এমন দুটি সংস্থায়।
অংশীদারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন অ্যাডিডাসের সিইও বিয়র্ন গুলডেন। তিনি আরো বলেন, ‘খেলাধুলা বা সমাজে কোনো ধরনের ঘৃণার স্থান নেই এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
চলতি মাসের শেষ দিকে ইজি ব্র্যান্ডের পণ্যগুলো পাওয়া যাবে। তবে সরাসরি আউটলেটে সরবরাহ করবে না অ্যাডিডাস। ওয়েবসাইট ও অ্যাপের ক্রেতারা অর্ডার করতে পারবেন।
অ্যাডিডাস বলছে, নতুন এ পদক্ষেপ তাদের আয়ে কোনো প্রভাব ফেলবে না। কারণ সাম্প্রতিক বিক্রি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তবে মাসের শুরুতে বলেছিল, ইয়েজি ব্র্যান্ডের পতনে আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের।
ব্যবসায়িক সম্পর্ক থেকে সরে আগে ইয়ের সঙ্গে চুক্তিকে ইতিহাসে সবচেয়ে সফল অংশীদারত্বের একটি বলে উল্লেখ করেছিল অ্যাডিডাস।










