ইতালিয়ান স্পোর্টসকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরারি জার্মান খেলাধুলা পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে অংশীদারত্ব চুক্তি নবায়ন করেছে। কোম্পানিটি জানিয়েছে, স্কুডেরিয়া ফেরারি পুমার সঙ্গে তাদের বহু বছরের অংশীদারত্ব চুক্তি নবায়ন করেছে। চুক্তি অনুযায়ী আগামী বছর থেকে তারা ফেরারির প্রিমিয়াম অংশীদার হয়ে উঠবে। তবে চুক্তির মূল্য সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। আগামী বছরগুলোয় পুমা ফেরারি ব্র্যান্ডের পণ্যের জন্য লাইন্সেসিং অংশীদার হবে। একই সঙ্গে তারা ফেরারির ফরমুলা-ওয়ান টিম ও রেসিং পোশাকসামগ্রী সরবরাহকারী হিসেবে কাজ করবে। ফেরারি ও পুমার মধ্যে অংশীদারত্ব সম্পর্ক শুরু হয় ২০০৫ সালে। সে সময় থেকে ফেরারির ফরমুলা ওয়ান টিমকে খেলাধুলার পোশাক, জুতা ও আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ শুরু করে কোম্পানিটি। পুরনো চুক্তি নবায়নের ফলে বিশ্বের নামি দুটি কোম্পানির সহযোগিতাপূর্ণ সম্পর্ক শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। রয়টার্স