তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৫৫ পয়সায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের বিক্রি বাবদ আয় হয়েছে ৩৬১ কোটি ৮৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭২ কোটি ৪১ লাখ টাকা। আলোচ্য সময়ে লিন্ডে বাংলাদেশের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ কোটি ২৪ লাখ টাকা।










