আগামী মাসগুলোয় বিশ্ববাজারে তামার দাম পুনরুদ্ধার হবে। সম্প্রতি রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। অবকাঠামোর জন্য ব্যয় বাড়িয়েছে চীন। এরই ধারাবাহিকতায় বাজারে আবারো মান ফিরে পাবে তামা।

মাইনিং ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের কোমেক্স বাজারে তামার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বাজারে তামার দাম এখন টনপ্রতি ৭ হাজার ৮৭৬ ডলার। এ বিষয়ে জুলিয়াস বায়েরের বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, চীনের লকডাউন পরিস্থিতি এখনো অনিশ্চিত। তবে আমরা বিশ্বাস করি চীনের প্রবৃদ্ধি তামার দাম বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে ভূরাজনৈতিক অস্থিরতা ও মহামারী পরিস্থিতি মিলিয়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা, সরবরাহ ব্যবস্থার উন্নতি হবে। এর আগে চলতি বছরের এপ্রিলে এক সমীক্ষায় এ বছরের জন্য তামার ঘাটতি বলা হয় ১ লাখ ১০ হাজার টন। মূল্য পুনরুদ্ধার হওয়ায় বর্তমানে কপারের বৈশ্বিক ঘাটতির পূর্বাভাস কমিয়ে আনা হয়েছে। প্রক্ষেপণ অনুযায়ী, এ বছর ৩০ হাজার টন তামার বৈশ্বিক ঘাটতি থাকবে, যা আগের পূর্বাভাসের এক-তৃতীয়াংশ।