ভারতের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেইলের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৪৮ কোটি রুপিতে পৌঁছেছে। কোম্পানিটির সুদ, অবমূল্যায়ন ও কর-পূর্ববর্তী আয়ও ২৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৬ কোটি রুপি। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

প্রথম প্রান্তিকের কার্যক্রম থেকে আয় ২০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬২ হাজার ১৫৯ কোটি রুপিতে পৌঁছেছে। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও ব্যবসায়িক সম্প্রসারণের জন্য ঋণ নেয়ার কারণে ফার্মের আর্থিক ব্যয় ১৩০ শতাংশ বেড়ে ৬২৮ কোটি রুপি হয়েছে। রিলায়েন্স রিটেইলের মোট আয় ৬৯ হাজার ৯৪৮ কোটি রুপিতে পৌঁছেছে, যা নিত্যপণ্য দ্রব্য, কনজিউমার ইলেকট্রনিকস, ফ্যাশন ও লাইফস্টাইল ব্যবসার শক্তিশালী পারফরম্যান্সের কারণে ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি খুচরা ব্যবসার শক্তিশালী প্রবৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 প্রথম প্রান্তিকে ডিজিটাল কমার্স ও নতুন বাণিজ্য ব্যবসায় আয় দাঁড়িয়েছে ১৮ শতাংশ। কোম্পানির ই-কমার্স উদ্যোগ, এজেআইও ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ডের অপারেশনাল পরিমাপকে উন্নতি ও ২০ লাখ নতুন গ্রাহক সংযুক্ত করার সঙ্গে আরো একটি সফল প্রান্তিকের কথা জানিয়েছে।