ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার। মূলত যাত্রী চাহিদা বৃদ্ধি ও ভ্রমণ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। আগামী সোমবার থেকে এ রুটে আরো একটি করে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র চট্টগ্রাম। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও ভ্রমণ-সুবিধার কথা বিবেচনা করেই ফ্লাইট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি প্রতিদিন কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।










