এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাচ্ছে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) করপোরেট বন্ড শাখায় ‘এন’ ক্যাটাগরিতে আজ থেকে লেনদেন হবে এ পারপেচুয়াল বন্ডটির ইউনিট। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১ সালে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পাওয়া বন্ডটির সাবস্ক্রিপশনের জন্য দফায় দফায় সময় বাড়ানোর পর অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বা মেয়াদবিহীন এ বন্ডে গত বছরের জানুয়ারিতে বিনিয়োগের জন্য সাবস্ক্রিপশন শুরু হয়। তবে তিন দফায় মেয়াদ বাড়িয়েও বন্ডের ক্রেতা খুঁজে পায়নি ব্যাংকটি। সর্বশেষ চতুর্থ ও শেষবারের মতো সময় বাড়ায় বিএসইসি। অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ইউনিট বণ্টনের পর লেনদেন শুরু হতে যাচ্ছে বন্ডটির।
এ বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক এডিশনাল টায়ার-ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফার উভয় ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ১ হাজার টাকা।
এবি ব্যাংকের পারপেচুলয়া বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। অ্যারেঞ্জার ও ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড। বন্ডটির অবলেখকের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্টস লিমিটেড।










