চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ভিয়েতনামের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। এ সময় দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় এক-চতুর্থাংশের বেশি বেড়ে ১৭ লাখ টন ছাড়িয়ে গেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল সময়ে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় এক-চতুর্থাংশের বা ২৫ দশমিক ৬ শতাংশ বেশি।
একই সময়ে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ৭৩ কোটি ৪০ লাখ ডলার আয় করেছেন বলে জিএসওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত চার মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতন ঘটেছে, ঠিক সেই সময় জ্বালানি পণ্যটি রফতানি খাতে ভিয়েতনামের প্রবৃদ্ধি ও বাড়তি আয় সবার নজর করেছে। এ পরিস্থিতি নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীকে কেন্দ্র করে সৃষ্ট অর্থনৈতিক মন্দার ধাক্কা সামলাতে ভিয়েতনামকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।










