স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। গত ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ২ হাজার ১৬১ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫৬৪ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫০০ কোটি ৫৫ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৭৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৮১৭ কোটি ৬৭ লাখ টাকা।










