রাজধানীর গুলশান-২ এলাকায় বিশ্বখ্যাত সামুদ্রিক খাবারের রেস্টুরেন্ট চেইন ‘ফিশ অ্যান্ড কোং’-এর দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকালে গুলশান নর্থ অ্যাভিনিউয়ের এভারগ্রিন মেহের টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং ফিশ অ্যান্ড কো রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার লুইস হো । ফিশ অ্যান্ড কোং বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ ফারুক আহমেদ ও এহসানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও শহরের বিভিন্ন এলাকা থেকে আসা সামুদ্রিক খাবারপ্রেমীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের চাহিদা ও ভালোবাসার কারণে গুলশানে দ্বিতীয় শাখা চালু করা সম্ভব হয়েছে। তারা আশা করছেন, মানসম্মত সামুদ্রিক খাবারের জন্য নতুন এই শাখাটিও গ্রাহকদের কাছে আগের মতোই জনপ্রিয় হবে।
গুলশান নর্থ অ্যাভিনিউয়ের হাউস ১২/এ, রোড ৫৫ এর এভারগ্রিন মেহের টাওয়ারের প্রথম তলায় এ শাখাটি স্থাপন করা হয়েছে। রেস্টুরেন্টটির ভেতরে আধুনিক ডিজাইনে সাজানো হয়েছে এবং সেখানে সমুদ্রভিত্তিক সাজসজ্জা ব্যবহার করা হয়েছে।
নতুন এ শাখার মেন্যুতে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার রাখা হয়েছে। রেস্টুরেন্টটি এখন প্রতিদিন খোলা থাকবে। সেখানে পরিবার নিয়ে এসে বিভিন্ন ধরনের উন্নত মানের সামুদ্রিক খাবার উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
—বিজ্ঞপ্তি










