মহামারীর প্রভাব কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় চীনে বাড়ছে বিদ্যুতের চাহিদা। দেশটির উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশই আসে কয়লা খাত থেকে। এ কারণে চীনের সর্বোচ্চ নীতিনির্ধারকরা বন্ধ থাকা কয়লা খনিগুলোকে পুনরায় উত্তোলন কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে
চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া থেকে শানজি পর্যন্ত ১৫টি খনিতে এরই মধ্যে কয়লা উত্তোলন শুরু হয়েছে বলে এক বিবৃতিকে জানিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। গত সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইনার মঙ্গোলিয়ায় আরো ৩৮টি খনিতে উত্তোলন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। সে হিসাবে মোট ৫৩টি খনিতে পুনরায় উত্তোলন কার্যক্রম শুরু হচ্ছে। এসব খনিতে বছরে ১১ কোটি টন কয়লা উত্তোলন সক্ষমতা রয়েছে।
চলতি বছরের মে মাসে চীনে ধাতব কয়লার দাম নতুন উচ্চতায় বৃদ্ধি পায়। বাজারসংশ্লিষ্টরা বলছেন, উত্তোলন কার্যক্রম পুনরায় চালু করার অন্য একটি উদ্দেশ্য হলো জ্বালানি পণ্যটির বাজারে লাগাম টেনে ধরা।
৩০ বছরের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে চীনের। বিদ্যুতের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে তা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে কয়লা উত্তোলন ও ব্যবহার হ্রাস করতে খাতসংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।










