বছরের প্রথম তিন মাসে ৩৪ কোটি ২ লাখ দিরহাম বা ৯ কোটি ৩০ লাখ ডলার পরিমাণ মুনাফা করেছে এয়ার অ্যারাবিয়া। ২০২২ সালের প্রথম প্রান্তিকের ২৯ কোটি ১ লাখ দিরহামের তুলনায় যা ১৭ শতাংশ বেশি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

২০২৩ সালের প্রথম তিন মাসে শারজাহভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির আয় ছিল ১৪২ কোটি দিরহাম বা ৩৪ কোটি ৭ লাখ ডলার, যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২৭ শতাংশ বেশি। এয়ার অ্যারাবিয়ার শক্তিশালী এ অবস্থান মূলত প্রতিকূল পরিবেশের মধ্যে কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে প্রতিফলিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মরক্কো, মিসর, আর্মেনিয়া ও পাকিস্তানে সাতটি অপারেটিং হাবজুড়ে ২০২৩ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত এয়ার অ্যারাবিয়া ৩৯ মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে, যা গত বছরের প্রথম প্রান্তিকে পরিবহনকৃত ২৪ লাখ যাত্রীর তুলনায় ৫৯ শতাংশ বেশি।

তাছাড়া চলতি বছরের প্রথমভাগ জুড়ে আরো কিছু সফল কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়েছে এটি। যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, মিসর, আর্মেনিয়া ও পাকিস্তানের সাতটি হাব থেকে বিশ্বব্যাপী নেটওয়ার্কে আরো নয়টি নতুন রুট যুক্তকরণ। যাত্রীদের উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে এয়ারলাইনসটি তাদের বহরে ৬৮টি নতুন এয়ারবাস এ৩২০ এবং এ৩২১ যুক্ত করেছে। ২০২৩ সালের প্রথম তিন মাসে এয়ারলাইনসটি গড় সিট লোড ফ্যাক্টর বা উপলব্ধ আসনের ৮৫ শতাংশ যাত্রী বহন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি।

এয়ার অ্যারাবিয়ার চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল থানি বলেন, ‘এয়ার অ্যারাবিয়া শক্তিশালী আর্থিক অবস্থান মূলত পরিচালন সক্ষমতা, কঠোর খরচ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ব্যবস্থাপনা দলের বিচক্ষণতার প্রতিফলন।’