বিভিন্ন মহল থেকে মন্দার আশঙ্কা প্রকাশ করা হলেও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলছেন, ‘‌চলতি বছরে এমন পরিস্থিতিতে পড়বে না বিশ্বের বৃহত্তম অর্থনীতিটি।’ খবর এপি।

গত মাসে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংক বিপর্যয়ে পুরো আর্থিক খাত টালমাটাল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক।  প্রাথমিক ঝড়ঝাপটা সামাল দিতে পারলেও সামনের দিনগুলোয় পরিস্থিতি বেসামাল হতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। 

কিন্তু বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ইয়েলেন বলেন, ‘‌আমি মনে করি চলতি বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্প্রসারিত হবে, শ্রমবাজার শক্তিশালী থাকবে এবং মূল্যস্ফীতি কমবে।’

মার্কিন অর্থমন্ত্রীর এ আশাবাদ এমন সময়ে এল যখন জেপি মরগ্যান চেজের শীর্ষ নির্বাহী সতর্কবাণী দেন, চলমান সংকট সহসাই শেষ হচ্ছে না। 

সামনের বছরগুলোয় তার প্রভাব অনুভূত হবে। এ ব্যাপারে ইয়েলেনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, গ্রাহকদের সব আমানত নিরাপদ রাখা এবং ব্যাংকিং ব্যবস্থা পর্যবেক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। আর্থিক খাত নিরাপদ ও শক্তিশালী রাখতে সব ধরনের অস্ত্র নিয়ে সরকার প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দেন তিনি।