ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাতের চলতি বছরের শুরুটা হয়েছিল মন্দা ভাবে। পরের মাসগুলোতেও এ ধারা অব্যাহত ছিল। দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমতে কমতে গত মার্চে এসে সাত মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। তবে পরের মাসে দেশটি থেকে পণ্যটির রফতানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পিডিভিএসএ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
পিডিভিএসএর তথ্য অনুযায়ী, এপ্রিলে ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলবাহী মোট ৩১টি কার্গো বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে ছেড়ে গেছে। এ কার্গোগুলোতে দেশটি থেকে দৈনিক গড়ে ৮ লাখ ৪৮ হাজার ৫০০ ব্যারেল করে জ্বালানি তেল রফতানি হয়েছে, আগের মাসের তুলনায় যা সামান্য বেশি।
গত মার্চে ভেনিজুয়েলা আন্তর্জাতিক বাজারে দৈনিক গড়ে ৮ লাখ ১৪ হাজার ব্যারেল করে জ্বালানি তেল রফতানি করেছিল, যা ছিল গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। সে হিসেবে এক মাসের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি দৈনিক গড়ে ৩৪ হাজার ৫০০ ব্যারেল বেড়েছে।
এমন সময় ভেনিজুয়েলার জ্বালানি তেল রফতানি বেড়েছে, যখন দেশটির জ্বালানি তেল রফতানি খাতের দীর্ঘদিনের বাণিজ্য পার্টনার রোজনেফতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ চেপেছে। নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে ভেনিজুয়েলার জ্বালানি রফতানি খাতে সহযোগিতার জন্য রোজনেফতের দুটি ইউনিটের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এ পেট্রোলিয়াম রিফাইনিং জায়ান্ট কোম্পানিটিকে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল ক্রয় বন্ধ করতে ২০ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
রোজনেফত ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান ক্রেতা কোম্পানিগুলোর একটি। ফলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞার জের ধরে গত মার্চে দেশটি থেকে পণ্যটির রফতানিতে ধস নামে। এ সময় রোজনেফতের ক্রয় করা প্রায় দুই-তৃতীয়াংশ জ্বালানি তেল পুনরায় বিক্রি করা হয়েছিল। এদিকে দেশটির জ্বালানি তেলের অন্যতম শীর্ষ ক্রেতা ভারতের নায়ারা এনার্জি অ্যান্ড রিয়ালেন্স ইন্ডাস্ট্রি পিডিভিএসএ থেকে ক্রয় কমিয়ে দিয়েছিল।
তবে গত মার্চে মেক্সিকোভিত্তিক কোম্পানি লিব্রে আর্বোদো ও শ্লগার বিজনেস করপোরেশন ভেনিজুয়েলা ও রোজনেফতের মধ্যে বৃহত্তম মধ্যস্থতাকারী হিসেবে ‘জ্বালানি তেলের বিনিময়ে খাদ্য’ চুক্তি হাতে নিয়েছে। যার আওতায় গত মাসে ভেনিজুয়েলা থেকে পণ্যটির রফতানিতে চাঙ্গা ভাব ফিরেছে।










