চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ অপ্রত্যাশিতভাবে কমেছে। সম্প্রতি দেশটিতে বন্যা পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতার ফলে নির্মাণকাজ ব্যাহত হয়। এ কারণে চলতি বছর ব্যবসার আর্থিক অবস্থা উন্নয়নে বিনিয়োগের পরিকল্পনা বাতিল করেছে প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্য বলছে, বছরের প্রথম তিন মাসে বেসরকারি প্রতিষ্ঠানের মূলধন ব্যয় আগের প্রান্তিকের তুলনায় দশমিক ৯ শতাংশ কমেছে। অথচ বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছিল, মূলধন ব্যয় ১ দশমিক ৫ শতাংশ বাড়বে। এ সময়ে নির্মাণ ব্যয় ১ দশমিক ৭ শতাংশ কমেছে।
২০২৩ সালের জুন পর্যন্ত ব্যয় পরিকল্পনা হালনাগাদ করেছে প্রতিষ্ঠানগুলো। আগের পূর্বাভাস থেকে ব্যয় পরিকল্পনা ১২ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ২৪৯ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে নির্মাণকাজ কমেছে দশমিক ৯ শতাংশ। এর জন্য প্রতিকূল আবহাওয়া ও সরবরাহ সংকটকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বাড়ি নির্মাণ ব্যয় গত ২১ বছরের সর্বোচ্চ গতিতে বেড়েছে। সব মিলিয়ে দেশীয় উৎপাদনে (জিডিপি) নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
প্রথম প্রান্তিকে খুচরা বিক্রিতে ঊর্ধ্বমুখিতা অব্যাহত ছিল। ওই সময় বিক্রি ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯ হাজার ৩০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারে উন্নীত হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। অর্থাৎ বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরও তা অস্ট্রেলিয়ানদের কেনাকাটায় খুব একটা প্রভাব ফেলেনি। চাহিদা মেটাতে পণ্য আমদানি করতে হয় দেশটিকে। ফলে এ সময়ে দেশটির জিডিপি ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ান পরিবারগুলোর পরিষেবা ব্যয় বেড়েছে। বিশ্লেষকদের অনুমান, নভেল করোনাভাইরাসের ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের কারণেই পরিষেবা ব্যয় ঊর্ধ্বমুখী ছিল।
এদিকে ভোক্তা চাহিদা ঊর্ধ্বমুখী হলেও সামান্য জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ মাসে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) সুদের হার বাড়িয়ে দশমিক ৩৫ শতাংশে উন্নীত করেছে। এর মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়াল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বাজার গবেষকদের অনুমান, জুনে সুদের হার আরো বেড়ে দশমিক ৬ শতাংশে উন্নীত হতে পারে।
অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকও সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ পয়েন্ট বাড়িয়ে ২ শতাংশে উন্নীত করেছে। বছর শেষে সুদের হার ৩ দশমিক ৫ শতাংশ হওয়ার পূর্বাভাস মিলেছে।










